জাতীয়

বিশ্বনেতাদের প্রতি ড. ইউনূসের জরুরি আহ্বান

আকতার   নিউজ ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬


| ছবি: 

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে এবং বিশ্বজুড়ে শান্তি ফিরিয়ে আনতে বিশ্বনেতাদের প্রতি জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জোরালো আহ্বান জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এই সংঘাতকে মানবজাতির জন্য এক গভীর 'নৈতিক চ্যালেঞ্জ' হিসেবে অভিহিত করেন।বিবৃতিতে ড. ইউনূস বলেন, "আমরা আজ মানবতার এক কঠিন পরীক্ষার মুখোমুখি। যুদ্ধের ক্ষতে জর্জরিত বিশ্বকে এই চলমান সংঘাত আরও গভীর অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। বেসামরিক নাগরিক, বিশেষ করে শিশুরা প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে। ধ্বংস হচ্ছে বাড়িঘর, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান। মানুষের মৌলিক অধিকারগুলো আজ চরমভাবে উপেক্ষিত হচ্ছে।"এই সংঘাতকে কেবল আঞ্চলিক সংকট হিসেবে দেখতে নারাজ ড. ইউনূস। তিনি উল্লেখ করেন, এই যুদ্ধ বিশ্বজুড়ে অনিশ্চয়তা ও অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে, যার সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে দরিদ্র দেশগুলোকে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন আজ এই সংঘাতের ফলে আরও বিপন্ন হয়ে উঠছে।শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, "এখন সাহস, সহমর্মিতা ও সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে বৈশ্বিক ঐক্য গড়ে তোলা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন। আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে বিশ্বনেতাদের দৃঢ় পদক্ষেপ নিতে হবে। সামরিক উত্তেজনার পরিবর্তে কূটনৈতিক সংলাপকে অগ্রাধিকার দিতে হবে।"ড. ইউনূস আরও যোগ করেন, এটি শুধু ভূ-রাজনীতি বা ক্ষমতার প্রতিযোগিতা নয়, বরং মানবসভ্যতার ভবিষ্যতের প্রশ্ন। তিনি বিশ্ববাসীকে যুদ্ধের পরিবর্তে শান্তি, হামলার পরিবর্তে সংলাপ এবং বিভাজনের পরিবর্তে ঐক্যকে বেছে নেওয়ার আহ্বান জানান।