জাতীয়

যাত্রাবাড়ীতে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের ৪ জন আক্রান্ত, নিহত ১

আকতার   নিউজ ডেস্ক

১৪ এপ্রিল ২০২৬


| ছবি: 

 

 রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে একই পরিবারের চার সদস্যকে কুপিয়ে জখম করার মর্মান্তিক ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরের দিকে এ ঘটনায় আহতদের মধ্যে কলেজছাত্রী দিয়া আক্তার (২০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঠিকাদার আবু মুসার কাছে নবীউল্লাহ নামের এক ব্যক্তি টাকা পেতেন। পাওনা টাকার বিষয়টি নিয়ে আলাপ করতে ভোরে নবীউল্লাহর বাসায় যান ঠিকাদার আবু মুসা। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। উত্তেজিত হয়ে নবীউল্লাহ ঠিকাদার আবু মুসাকে কুপিয়ে জখম করেন। এর প্রতিক্রিয়ায় আবু মুসাও উত্তেজিত হয়ে নবীউল্লাহর স্ত্রী মৌসুমী আক্তারকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন, এতে মৌসুমীর বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।মা মৌসুমীকে বাঁচাতে মেয়ে দিয়া আক্তার এগিয়ে এলে হামলাকারী তাকেও কুপিয়ে গুরুতর জখম করেন। এছাড়াও নবীউল্লাহর আরেক মেয়ে জয়া এবং ছেলে মুয়াজকেও কুপিয়ে আহত করা হয়। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক দিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন।নিহত দিয়া শেখ বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী ছিলেন। আহত বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। এ ঘটনায় হামলাকারী ঠিকাদার আবু মুসাও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে যাত্রাবাড়ী থানায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।নববর্ষের ভোরে এমন নৃশংস ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।