জাতীয়

ঢাকা শহরকে পরিচ্ছন্ন ও মশামুক্ত করার অঙ্গীকার ডিএসসিসি প্রশাসকের

আকতার   নিউজ ডেস্ক

১৪ এপ্রিল ২০২৬


| ছবি: 

 ঢাকা শহরকে পরিচ্ছন্ন, আলোকিত এবং মশামুক্ত নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পহেলা বৈশাখ উপলক্ষে পুরান ঢাকার আহসান মঞ্জিল প্রাঙ্গণে আয়োজিত বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক আবদুস সালাম জানান, বর্তমানে নগরীতে মশার উপদ্রব আগের তুলনায় কিছুটা কমেছে। তিনি বলেন, “আমাদের গৃহীত পরিচ্ছন্নতা কার্যক্রমের ফলেই মশার প্রকোপ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।” তবে সামনের বর্ষা মৌসুমের চ্যালেঞ্জ মোকাবিলায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ে সতর্ক থাকার ওপর তিনি গুরুত্বারোপ করেন। জনসেবার ক্ষেত্রে কোনো প্রকার গাফিলতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, “শহরকে পরিচ্ছন্ন ও আলোকিত করার পাশাপাশি মশা নির্মূল করা আমাদের প্রধান লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে কোনো ধরনের শৈথিল্য বা অজুহাত গ্রহণযোগ্য নয়।” তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিক ও সিরিয়াস হওয়ার আহ্বান জানান।সিটি করপোরেশনের কাজের প্রকৃতি ২৪ ঘণ্টার সেবাভিত্তিক হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের শুক্র ও শনিবারও দায়িত্ব পালন করতে হচ্ছে বলে জানান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, “জনগণের সেবা নিশ্চিত করা এবং সরকারের নির্দেশনা দ্রুত বাস্তবায়নের তাগিদেই অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে। এটি আমাদের জন্য বাড়তি পরিশ্রমের হলেও জনগণের স্বার্থে আমাদের তা করতেই হবে।”নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “পুরোনো বছরের গ্লানি মুছে ফেলে নতুন উদ্যমে আমাদের কাজ করতে হবে।” সরকারের ‘ক্লিন সিটি’ কার্যক্রমের সঙ্গে তাল মিলিয়ে ঢাকা দক্ষিণ সিটিকে একটি মডেল নগরী হিসেবে গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।