আন্তর্জাতিক

'ওয়েলকাম টু হেল' ইরানে পা রাখা মার্কিন সেনারা ফিরবে ‘কফিনে’, হুঁশিয়ারি তেহরান টাইমসের

আকতার   নিউজ ডেস্ক

২৯ মার্চ ২০২৬


| ছবি: 

'ওয়েলকাম টু হেল' ইরানে পা রাখা মার্কিন সেনারা ফিরবে ‘কফিনে’, হুঁশিয়ারি তেহরান টাইমসের
মধ্যপ্রাচ্যে নতুন করে মার্কিন সেনা মোতায়েনের ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে ওয়াশিংটনকে নজিরবিহীন এক কড়া বার্তা দিয়েছে ইরানি সংবাদমাধ্যম 'তেহরান টাইমস'। মার্কিন সেনাদের উদ্দেশে 'ওয়েলকাম টু হেল' (নরকে স্বাগতম) শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানের মাটিতে পা রাখা মার্কিন সেনারা কেবল কফিনবন্দি হয়েই ফিরে যাবে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) নিশ্চিত করেছে যে, প্রায় সাড়ে তিন হাজার নাবিক ও মেরিন সেনাসহ রণতরী 'ইউএসএস ত্রিপোলি' ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। পেন্টাগন এখন তাদের পরবর্তী পদক্ষেপগুলো গুরুত্বের সাথে বিবেচনা করছে। এছাড়া, ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামরিক শক্তির প্রদর্শন বাড়াতে আরও ১০ হাজার অতিরিক্ত স্থলসেনা পাঠানোর প্রস্তাব দিতে পারে পেন্টাগন।
নতুন করে আসা এই সেনাদের ঠিক কোথায় মোতায়েন করা হবে তা এখনো স্পষ্ট নয়। তবে সামরিক বিশ্লেষকদের ধারণা, তারা ইরানের অন্যতম প্রধান তেল রপ্তানি কেন্দ্র 'খারগ দ্বীপ'-এর খুব কাছাকাছি অবস্থানে থাকবে, যা তেহরানের জন্য সরাসরি উস্কানি হিসেবে দেখা হচ্ছে।
তেহরান টাইমস তাদের প্রতিবেদনে মার্কিন সেনাদের একটি ছবি ব্যবহার করে সরাসরি হুমকি দিয়েছে। সেখানে উল্লেখ করা হয়, ইরানের সার্বভৌমত্বে আঘাত হানার যেকোনো চেষ্টা হবে মার্কিন সেনাদের জন্য আত্মঘাতী।