বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক

ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প

আকতার   নিউজ ডেস্ক

১৫ এপ্রিল ২০২৬


| ছবি: 

ইরানকে কোনো ধরনের অস্ত্র সরবরাহ না করার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে একটি বিশেষ চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৫ এপ্রিল) ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।সাক্ষাৎকারে ট্রাম্প জানান, গোয়েন্দা তথ্যের মাধ্যমে তিনি জানতে পেরেছিলেন যে চীন ইরানকে উন্নত অস্ত্রশস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। এই প্রেক্ষাপটে তিনি শি জিনপিংকে সরাসরি চিঠি লিখে অস্ত্র সরবরাহ থেকে বিরত থাকার অনুরোধ জানান।ট্রাম্প বলেন, “আমি তাকে (জিনপিং) চিঠিতে লিখেছিলাম যেন তিনি এমনটা (অস্ত্র সরবরাহ) না করেন। জবাবে শি জিনপিং আমাকে ফিরতি চিঠিতে জানিয়েছেন যে, চীন বর্তমানে ইরানকে কোনো অস্ত্র সরবরাহ করছে না এবং ভবিষ্যতে এমন কিছু করার পরিকল্পনাও তাদের নেই।”মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই চীন-ইরান সামরিক সম্পর্কের ওপর নজর রাখছিল। এই চিঠির মাধ্যমে ট্রাম্প ইরানকে সামরিকভাবে কোণঠাসা করার এবং দেশটির সামরিক সক্ষমতা বৃদ্ধির পথ বন্ধ করার মার্কিন প্রচেষ্টা আরও জোরালো করলেন।বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই পদক্ষেপ একদিকে ইরানকে কূটনৈতিক ও সামরিকভাবে বিচ্ছিন্ন করার কৌশল হিসেবে দেখা হচ্ছে, অন্যদিকে চীনের পক্ষ থেকে দেওয়া এই আশ্বাস বেইজিংয়ের সাথে ওয়াশিংটনের চলমান উত্তেজনার মাঝেও একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক যোগাযোগের ইঙ্গিত দিচ্ছে। চিঠির বিষয়টি প্রকাশ্যে আসার পর এখন দেখার বিষয়, ওয়াশিংটন চীনের এই আশ্বাসের ভিত্তিতে তাদের পরবর্তী পদক্ষেপ কী নেয়।উল্লেখ্য, এই চিঠি আদান-প্রদান ঠিক কখন হয়েছে, তা ট্রাম্প সাক্ষাৎকারে স্পষ্টভাবে উল্লেখ করেননি। তবে তার এই দাবি মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রেক্ষাপটে বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।