বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬

আন্তর্জাতিক

ওমান উপকূলে মার্কিন জাহাজে হামলার দাবি ইরানের আইআরজিসি-র

আকতার   নিউজ ডেস্ক

২৯ মার্চ ২০২৬


| ছবি: 

ওমান উপকূলে মার্কিন জাহাজে হামলার দাবি ইরানের আইআরজিসি-র
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মাঝে এবার ওমান উপকূলের কাছে একটি মার্কিন সামরিক সহায়ক জাহাজে হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির ‘খাতাম আল-আম্বিয়া’ সদর দপ্তরের এক মুখপাত্র এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইরানি সংবাদমাধ্যম 'তাসনিম নিউজ'-এ প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ওমানের সালালাহ বন্দর থেকে কিছুটা দূরে অবস্থানরত একটি মার্কিন সামরিক সহায়ক জাহাজকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে হামলার ধরণ বা জাহাজের ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি।
বিবৃতিতে আইআরজিসি আরও উল্লেখ করেছে যে, এই অভিযান চলাকালে ওমানের জলসীমা ও সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সম্মান বজায় রাখা হয়েছে। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, তারা প্রতিবেশী বন্ধুত্বপূর্ণ দেশ ওমানের সার্বভৌমত্বের বিষয়ে শুরু থেকেই অত্যন্ত সচেতন।
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও রণতরি মোতায়েনের পরপরই ইরানের পক্ষ থেকে এমন দাবি আসায় ওই অঞ্চলে সংঘাতের আশঙ্কা আরও বেড়ে গেল। এই হামলার প্রেক্ষিতে পেন্টাগন বা ওয়াশিংটনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।