আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে উত্তেজনা: ২ ভারতীয় তেলবাহী ট্যাংকার ফিরিয়ে দিলো ইরান

আকতার   নিউজ ডেস্ক

১৯ এপ্রিল ২০২৬


| ছবি: 

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় ভারত অভিমুখী দুটি বড় তেলবাহী ট্যাংকারকে ফিরিয়ে দিয়েছে ইরান। আজ রোববার (১৯ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, ইরানি নৌবাহিনী ট্যাংকার দুটিকে গতিরোধ করে অবিলম্বে পথ পরিবর্তনের নির্দেশ দেয়।প্রাথমিক তথ্যানুযায়ী, ভারতীয় পতাকাবাহী ট্যাংকার দুটির নাম 'ভাগ্য লক্ষ্মী' (Bhagya Lakshmi) এবং 'সানমার হ্যারল্ড' (Sanmar Herald)। জাহাজ দুটি ইরাক ও সৌদি আরব থেকে অপরিশোধিত তেল নিয়ে ভারতের দিকে যাচ্ছিল। শনিবার হরমুজ প্রণালিতে প্রবেশের সময় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (IRGC) নৌ-সদস্যরা জাহাজ দুটিকে লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়ে এবং অবিলম্বে ফিরে যাওয়ার নির্দেশ দেয়।সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক রেডিও বার্তায় দেখা যায়, ভারতীয় ট্যাংকারের ক্রুরা ইরানি নৌবাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। এক পর্যায়ে ইরানি নৌবাহিনী থেকে কড়া ভাষায় জানানো হয়, "অবিলম্বে ফিরে যান।" অন্য একটি বার্তায় 'সানমার হ্যারল্ড' জাহাজের ক্রুকে বলতে শোনা যায়, "আপনারা আমাদের যাওয়ার অনুমতি দিয়েছিলেন, আমাদের নাম তালিকায় দ্বিতীয় ছিল। এখন আপনারা গুলি ছুড়ছেন! আমাদের ফিরে যেতে দিন।"এই ঘটনার প্রেক্ষিতে ভারত সরকার কড়া প্রতিবাদ জানিয়েছে। নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ ফাতহালিনিকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় কর্মকর্তাদের মতে, জাহাজ দুটিতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা না ঘটলেও বিনা উস্কানিতে গুলি ছোড়া এবং বাণিজ্য তরী চলাচলে বাধা দেওয়া আন্তর্জাতিক আইনের পরিপন্থী।এদিকে, ইরান এক রেডিও বার্তায় ঘোষণা করেছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র আলোচনার প্রতিশ্রুতি রক্ষা না করায় তারা পুনরায় হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যের জ্বালানি তেল রপ্তানির এই প্রধান রুটটিতে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।