আন্তর্জাতিক

লেবাননেও থামবে যুদ্ধ: ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির বড় ঘোষণা দিলেন শাহবাজ শরিফ

আকতার   নিউজ ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬


| ছবি: 

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত রয়েছে বলে নিশ্চিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে তিনি জানান, এই শান্তি প্রক্রিয়া কেবল ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং লেবাননসহ সংশ্লিষ্ট সব অঞ্চলেই এটি কার্যকর হবে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার দাপ্তরিক এক্স (টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় বলেন, "পরম বিনয়ের সাথে আমি ঘোষণা করছি যে, ইরান ও যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের নিয়ে অবিলম্বে সব স্থানে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যার মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত।"এই যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর করার ঘোষণা দিয়ে তিনি একে দুই দেশের নেতৃত্বের একটি "বিচক্ষণ পদক্ষেপ" হিসেবে অভিহিত করেছেন। আগামী শুক্রবার (১০ এপ্রিল) ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি চূড়ান্ত এবং স্থায়ী শান্তি চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। শাহবাজ শরিফ আশা প্রকাশ করেন যে, এই 'ইসলামাবাদ টকস' দীর্ঘমেয়াদী শান্তি আনবে। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই ঘোষণার বিপরীতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে দাবি করেছেন, তারা ইরান সীমান্ত নিয়ে যুদ্ধবিরতি সমর্থন করলেও লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের অভিযান এই চুক্তির আওতায় পড়বে না।পাকিস্তানের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি ঘোষিত হওয়ার পর মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাত বন্ধের একটি বড় সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে লেবানন সীমান্তে যেখানে গত কয়েক মাস ধরে ব্যাপক উত্তেজনা চলছিল, সেখানে শাহবাজ শরিফের এই ঘোষণা নতুন আশার আলো দেখাচ্ছে।